বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সাংবিধানিক সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল থানার প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক আরও বলেন, বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিতে হবে এবং তাদের বিপুল স্বপ্ন ও আশাকে পূরণ করতে হবে। দেশের লাখ লাখ বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। এই বিশাল যুবশক্তিকে হতাশায় নিমজ্জিত করা যাবে না; অতীতে তারা প্রতারিত হয়েছে, এবার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে।
তিনি উল্লেখ করেন যে, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সমাজ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তাকে নষ্ট হতে দেওয়া যাবে না। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে এই গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।
প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শ্রমিক নেতা বেপারী বিন্দু, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক বাবর চৌধুরী, যুব সংগঠক আনিসুর রহমান ও ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 






















