জামালপুরের মেলান্দহ উপজেলায় আলোচিত এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. জাকির হোসেন জেকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
তথ্যমতে, গত ৩০ মার্চ রাত আনুমানিক ৪টার দিকে ভাংগুনী ডাংগা গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পিপাসা গত ৫ এপ্রিল মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে জাকির হোসেনকে ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরবর্তীতে চুরি হওয়া শাড়িটি একই এলাকার শহীদের স্ত্রী নাছিমার কাছে বিক্রি করা হয় বলে জানা যায়।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক ডাকা হয়। সালিশ চলাকালীন নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করেন এবং অভিযোগের সত্যতা উঠে আসে। স্থানীয় সালিশে অভিযুক্ত জাকির হোসেনকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে যাননি। পরে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী পিপাসা জানান, তিনি অত্যন্ত কষ্ট করে মেয়ের জন্য গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, যা সবই চুরি হয়ে গেছে। তিনি এই ঘটনার সঠিক বিচার কামনা করেছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় সরকার জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চুরির ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে জাকির হোসেন একই উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
রিপোর্টারের নাম 
























