২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত হওয়ার ৮৪ দিনের বিভীষিকাময় অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দম’ সিনেমা। সেই ভয়াবহ বন্দিদশা থেকে মুক্তি পাওয়া নূর ইসলামের বাস্তব জীবনের সংগ্রাম এবং অলৌকিক বেঁচে ফেরার গল্প বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছে এই ছবির মাধ্যমে।
নির্মাতা রেদওয়ান রনি যখন নূর ইসলামের এই কাহিনি প্রথম শোনেন, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর ভাষায়, ‘গল্পটি শোনার পর আমি কেঁদেছিলাম, নূর ভাইয়ের সঙ্গে বসে আমরা দুজনই কেঁদেছিলাম।’ এই মর্মস্পর্শী কাহিনিই তাঁকে ‘দম’ সিনেমা নির্মাণে অনুপ্রাণিত করে।
সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূর ইসলাম তাঁর ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি জানান, মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি দোয়া ইউনুস পাঠ করছিলেন এবং এক অলৌকিক শক্তি তাঁকে রক্ষা করে। তাঁর ভাষায়, ‘চার ঘণ্টা চেষ্টার পর অপহরণকারীরা আমাকে ছেড়ে দেয় এই বলে যে, তোর ওপর আল্লাহর রহমত আছে, তোকে আর মারা যাবে না।’
অন্যদিকে, নূর ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন (রানি) তাঁর স্বামীকে ফিরে পেতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার মনে হতো সে বেঁচে আছে, তাই আমি হাল ছাড়িনি।’ নূর ইসলাম মনে করেন, মানুষের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতেই তিনি আজও বেঁচে আছেন। তিনি সেই সময়কার গণমাধ্যম, সাংবাদিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
‘দম’ সিনেমায় নূর ইসলামের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যা দেখে নূর ইসলাম মুগ্ধ হয়েছেন। আফরান নিশো বলেন, ‘তাদের (নূর ইসলাম ও তাঁর পরিবারের) ভেতর এখনো সেই দিনগুলোর যন্ত্রণা আছে। আমরা তাদের সঙ্গে সময় কাটিয়ে সেই হাহাকার অনুভব করেছি।’
রিপোর্টারের নাম 

























