জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ এবং বিদ্যমান আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার চাঁদপুরের মোলহেডে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাটকা নিধন পুরোপুরি বন্ধ করা গেলে দেশে ইলিশের উৎপাদন ২০ লক্ষ টনে উন্নীত করা সম্ভব।
মন্ত্রী তার বক্তব্যে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি বলেন, চাঁদপুর হলো ইলিশ উৎপাদনের প্রধান কেন্দ্র। তবে জাটকা নিধনের কারণে এক সময়কার প্রাচুর্য কমে গেছে। একটি ডিমভর্তি ইলিশ বা জাটকা ধরা মানে ভবিষ্যৎ মাছের ভাণ্ডার ধ্বংস করা। তাই জেলেদের পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও জাটকা রক্ষায় সচেতন হওয়া জরুরি। সরকার জেলেদের খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করছে, তবে এর প্রকৃত সুফল পেতে জেলেদের দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।
অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন, ইলিশ এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একটি সুপরিচিত ব্র্যান্ড। ‘ইলিশ মানেই বাংলাদেশ’—এই সুনাম ধরে রাখতে দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের অনুরোধ জানান তিনি। চাঁদপুর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থাপনা ও চরাঞ্চল উন্নত করতে পারলে ইলিশের উৎপাদন আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















