সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সোমবার ডিআরইউ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এই ঘোষণা দেন।
সমাবেশে বক্তারা বলেন, এক দশকের বেশি সময় পার হলেও এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা হয়নি। দীর্ঘ এই সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৫ বার পেছানো হয়েছে, যা বিচারহীনতার এক নজিরবিহীন উদাহরণ। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, নিজ ঘরে সাংবাদিক দম্পতিকে হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, তদন্তে কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় সাংবাদিক সমাজে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্মারকলিপি দেওয়ার পর যদি সরকার থেকে কোনো ইতিবাচক আশ্বাস না পাওয়া যায়, তবে সারা দেশের সাংবাদিকদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি পালন করা হবে।
রিপোর্টারের নাম 

























