জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সংবিধান পুরোপুরি বাতিল করার সুযোগ নেই, তবে সবার সঙ্গে আলোচনা করে এতে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস চিফ হুইপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং কার্যকর সংসদ গঠনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক যাত্রাকে সঠিক পথে নিতে হলে সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার ব্যক্তিস্বার্থে সংবিধানের অনেক জায়গায় পরিবর্তন এনেছে এবং জনগণের স্বার্থে এই সংবিধানকে আবারও জনবান্ধব করতে হবে।
বিদ্যমান সংবিধান পুরোপুরি বাতিল করার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। আমাদের কাছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা চাই সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে। সবাইকে সঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ্য, কারণ বর্তমান সরকারের কাছে সবার আগে বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে একমত হয়েছি, তার পুরোটাই বাস্তবায়ন করতে চাই। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।
রিপোর্টারের নাম 





















