বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশ পরিচালনা করা উচিত। তিনি উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তিনি দিল্লির কথায় প্রভাবিত হয়ে দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি না করে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপনির্বাচন উপলক্ষে আয়োজিত দুটি পৃথক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দলের মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এবং বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার উপস্থিত ছিলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিলেন। তারা শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান এবং পরে তা অস্বীকার করার বিষয়টি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী জনগণের সাথে প্রতারণা করছেন। তিনি সতর্ক করেন যে, যেই ৫ কোটি ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাদের সাথে করা এই প্রতারণা জাতি ভুলবে না।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, অতীতে কোনো সরকার মানুষের সাথে প্রতারণা করে সুবিধা করতে পারেনি। তিনি শেখ হাসিনা এবং বিএনপি উভয়ের বিরুদ্ধেই গণবিরোধী উদ্যোগ নেওয়ার অভিযোগ তোলেন। জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে সরকারের এসকল গণবিরোধী উদ্যোগের প্রতিবাদ জানাচ্ছে এবং রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছে।
রিপোর্টারের নাম 





















