মঙ্গলবার থেকে জাতীয় সংসদ অধিবেশন দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেশন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুরে মুলতবি দেওয়া হবে এবং দ্বিতীয় সেশন বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। সোমবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
সোমবার সংসদ অধিবেশনের কার্যক্রমে আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও মুলতবি বৈঠক এক ঘণ্টার বেশি সময় পর শুরু হয়। বৈঠকে বিলম্বের কারণ ব্যাখ্যা করে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আগামী ৯ এপ্রিলের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করা জরুরি। এই পরিস্থিতিতে সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে সকাল ও বিকালে দুটি অধিবেশন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও সংসদ বসার সম্ভাবনা রয়েছে। তিনি বিলগুলোর কপি সময়মতো সরবরাহ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
চিফ হুইপ আরও জানান, যেসব বিলে বিশেষ কমিটিতে সকল সদস্য একমত হয়েছেন, সেগুলো দ্রুত পাসের চেষ্টা করা হবে। যে বিলগুলোতে ভিন্নমত বা সংশোধনী রয়েছে, সেগুলো আগামীকালের মধ্যে উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























