চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) সেবা চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উদ্ভাবনী পরিবহন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি গবেষক দল এই গাড়িটি তৈরি করেছে। গবেষকরা জানান, সাধারণ বৈদ্যুতিক গাড়ির বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা হলেও রুয়েটের এই গাড়িটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ৫ থেকে ৬ লাখ টাকা। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের এক অনন্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে এই সেবাটি শুধুমাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে। উপাচার্য জানান, বাজার থেকে গাড়ি না কিনে নিজেদের গবেষণার মাধ্যমে এটি তৈরি করায় শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা যেমন বেড়েছে, তেমনি প্রতিষ্ঠানের খরচও অনেক কমেছে। ভবিষ্যতে অর্থায়ন সাপেক্ষে এই সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























