আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে। বিভাগের ছাত্র সংসদ ‘পাবলিক হেলথ ফোরাম’-এর উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ৭ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত মোট সাতটি ধাপে এই আয়োজন সাজানো হয়েছে। ভোর ছয়টায় ‘রান ফর হেলথ’ এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ‘ক্লিন ফর হেলথ’ ক্যাম্পেইন, বেলা ১০টায় র্যালি এবং বিকাল চারটা পর্যন্ত সবার জন্য ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা থাকবে। হেলথ ক্যাম্পে ব্লাড প্রেসার পরিমাপ, বিএমআই নির্ণয়সহ স্বাস্থ্য বিষয়ে নানা পরামর্শ দেওয়া হবে।
দুপুর সাড়ে ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুপুর ১টায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এরপর বিকাল চারটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হবে।
জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অঙ্গীকার করে অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, “জনস্বাস্থ্যের গুরুত্ব এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশেষ করে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের ব্যবস্থা রেখেছি, যা সাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। পুরো আয়োজনে স্পনসর হিসাবে থাকছে ইউনিকো হাসপাতাল।
উল্লেখ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়।
রিপোর্টারের নাম 

























