অধ্যাপক জামালুন্নেসা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা শেষে তিনি সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
অধ্যাপক জামালুন্নেসা ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয় বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে আসছে। বর্তমানে এই ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, পাঁচটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, চারটি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে।
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা তাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন স্বাধীন কনসালট্যান্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধুমাত্র মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণ করে, যা ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এই হাসপাতালের সঙ্গে সরাসরি ১ হাজার ৭৯০ জন স্বাস্থ্যকর্মী জড়িত আছেন।
রিপোর্টারের নাম 




















