আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আদ্-দ্বীন হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশবাসীর সঙ্গে তারাও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, তদারকি ব্যবস্থা জোরদার করা এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ। অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। এছাড়া, কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা প্রায় ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করছে। বর্তমানে তাদের অধীনে ৯টি হাসপাতাল, পাঁচটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, চারটি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 





















