বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’ এখন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে। সম্প্রতি আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়ে জানায়, এটি বাবার সীমাহীন ভালোবাসা এবং এক অমানবিক বাস্তবতার গল্প বলবে।
মোহাম্মদ হোসেন জেমী নির্মিত এই সিনেমায় সামাজিক ও মানবিক সম্পর্কের টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে। মান্না ছাড়াও এতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পারাজ, মিশা সওদাগর, গুলশান আরা আক্তার চম্পা, কাজী হায়াৎ, শাহনুর, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, বিপ্লব ও ড. সামির কাওয়াল।
দুই দশকেরও বেশি সময় ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো মান্না ‘গণমানুষের নায়ক’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ক্যারিয়ারে তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। মান্নার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’ এবং ‘হৃদয় থেকে পাওয়া’।
রিপোর্টারের নাম 























