জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবন বরাদ্দে দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাসন নীতিমালা লঙ্ঘন করে জুনিয়র কর্মকর্তাদের বাসা বরাদ্দ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং সদস্যসচিব ও উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান।
নোটিশে দাবি করা হয়েছে, ২০১৬ সালের আবাসন নীতিমালা অনুযায়ী অভিজ্ঞতা ও মূল বেতনের ভিত্তিতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও, গত ৮ মার্চের সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপেক্ষাকৃত জুনিয়র একজনকে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগকারী কর্মকর্তা জানান, তিনি পয়েন্টে এগিয়ে থাকলেও তাকে বঞ্চিত করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নীতিমালা সংশোধন ও স্বচ্ছতা নিশ্চিত করা না হলে উচ্চ আদালতে রিট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে।
রিপোর্টারের নাম 

























