চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. নুরুল আবছার (৩০), তিনি ওই ইউনিয়নের বাগানের টিলা এলাকার মো. নবিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় একটি সামাজিক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। চুরির সন্দেহে নুরুল আবছারকেও সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। ছোট ভাইকে সঙ্গে নিয়ে আবছার যখন বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন পথে একদল লোক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধী হলে দেশের প্রচলিত আইনে বিচার হওয়ার সুযোগ ছিল। এভাবে পিটিয়ে হত্যা করা একটি দণ্ডনীয় অপরাধ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























