রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
নিহতের নাম মুক্তা বড়ুয়া, তিনি শহরের বিডিআর রোডের বাসিন্দা অভিজিত বড়ুয়ার স্ত্রী। একদিন আগে অভিজিত বড়ুয়া কোতয়ালী থানায় তার স্ত্রী নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। রোববার সকালে স্থানীয়রা রিজার্ভমুখ এলাকায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের স্বামী অভিজিত বড়ুয়া লাশটি সনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি খতিয়ে দেখতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘর থেকে বেরিয়ে যান এবং এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে পাচ্ছিলেন না।
রিপোর্টারের নাম 
























