যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন করে সতর্কবার্তা দিয়েছে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান যুদ্ধের নির্দিষ্ট পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী অগ্রসর হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বড় চমক অপেক্ষা করছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়ে ইরান কঠোর অবস্থান নিয়েছে।
ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্য নির্ধারণ সঠিক নয়। তিনি ডোনাল্ড ট্রাম্পের সেতুতে হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে এটি মার্কিন সামরিক ব্যর্থতার ফল, যার মধ্যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওই শাসনব্যবস্থার জন্য আমাদের বড় চমক রয়েছে। এর জন্য খুব বেশি সময় লাগবে না’। তিনি যোগ করেন, ‘দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনাপ্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে।’
ইরানের এই কর্মকর্তা দাবি করেন যে ইরান অসম যুদ্ধ কৌশলে শত্রুকে ধীরে ধীরে দুর্বল করতে শিখেছে। তার মতে, যুক্তরাষ্ট্র দ্রুত ও সহজ হামলার কৌশলে ব্যর্থ হয়েছে।
এদিকে, তেহরানের প্রসিকিউটর অফিস ‘বিদেশে শত্রুপক্ষকে সমর্থন’ করার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে।
রিপোর্টারের নাম 

























