বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করলেও, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধান সংস্কারের নামে আরও ভয়ংকর স্বৈরাচারী রূপে আবির্ভূত হতে চায়। শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাওলানা মামুনুল বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটে জনগণের সুস্পষ্ট রায় অমান্য করছে। তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ তারা এখন বাতিল ও সংশোধন করছে, অথচ এসব অধ্যাদেশ জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি। এই কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ংকর সংকটের সূচনা বলে তিনি মন্তব্য করেন।
গণভোটের রায় কার্যকর করার দাবিতে আগামী ১০ এপ্রিল শুক্রবার দেশব্যাপী জেলা উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করতে তিনি সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বৈঠকে সাম্প্রতিক সময়ে সংস্কৃতি মন্ত্রীর বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলা হয়, ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে তোষণ করতে গিয়ে ইসলাম ও মুসলমানদের তাহজিব-তামাদ্দুনবিরোধী কার্যক্রম সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারে। বৈঠকে দেশে তেল সংকট ও শিশুদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ টিকার ঘাটতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
রিপোর্টারের নাম 























