জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটির আহবায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম মন্তব্য করেছেন যে, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে এবং এবার তারা তাদের অধিকারের প্রশ্নে কোনো আপোস করবে না। তিনি আরও বলেন, জনগণ এবার গণভোটের রায় বাস্তবায়ন করে তবেই রাজপথ ছাড়বে। সরকারের এই প্রতারণার জবাব দিতে সারাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করলে জনগণ রাজপথেই এর সমুচিত জবাব দেবে, যা সরকারের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে।
মানববন্ধন ও সমাবেশে সংগঠনটির সদস্য সচিব আহমেদ করিম, সাংবাদিক ড. সরদার এম. আনিছুর রহমান, যুগ্ম সদস্য সচিব আরিফ মোর্শেদ, ইনকিলাব মুভমেন্টের আহবায়ক মনিরুজ্জামান সোহেল, গণজাগরণ পার্টির শান্তনু রাজু ও শেখ ফরিদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তারা সরকারকে হুঁশিয়ার করেন।
বক্তারা আরও বলেন, গণভোট হলো দেশের মালিক জনগণের সর্বোচ্চ রায়। সংসদ, আদালত এবং রাষ্ট্রীয় সকল সংস্থার দায়িত্ব হচ্ছে এই রায় বাস্তবায়ন করা। এর ব্যত্যয় ঘটলে জনগণ ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে। সংগঠনের সদস্য সচিব আহমেদ করিম জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গঠনে অচিরেই সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।
রিপোর্টারের নাম 
























