ফ্যাসিবাদ সরকারের সময়ে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের একটি তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস এবং তারা গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে একটি বইমেলার উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতন ফ্যাসিবাদের কর্মকাণ্ডেরই অংশ। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা যারা চর্চা করেছেন, সেই গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের অপরাধের বিচার করতে হবে।
তিনি জানান, এই অপরাধ চিহ্নিত করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 
























