সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১ এপ্রিল ২০২৬, বুধবার থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এই ব্যাংকে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। আতঙ্কিত না হয়ে এ ব্যাংকে আস্থার সাথে নির্বিঘ্নে লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের আরও আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, গ্রাহকরাই ব্যাংকের চালিকাশক্তি। সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে গ্রাহকদের অধিকতর সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























