গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকারের অবস্থানে হতাশ হয়ে বিরোধীদল জনগণকে সঙ্গে নিয়েই পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে জুলাই সনদ আদেশ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে আমরা আশাহত। তারা জনগণের রায়কে অসম্মান করেছে। আমরা আহত, মর্মাহত ও বিস্মিত। এজন্যই আমরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। জনগণের দেওয়া ম্যানডেটকে অগ্রাহ্য করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রথম সরকারি দল ও বিরোধী দল সবাই গণভোটের বিষয়ে একমত ছিলাম। কিন্তু পরবর্তীতে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হলো। জনগণের সম্মানে আমরা ওয়াকআউট করেছি।’
জামায়াত আমির জোর দিয়ে বলেন, ‘যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি, সেহেতু আমরা জনগণের কাছে ফিরে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে বিরোধীদল। এখানে আমরা আদায় করতে পারিনি, তাই জনগণের কাছেই ফিরে যাবো।’
তিনি জানান, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। দ্রুতই দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল গণভোট বাস্তবায়নের দাবিতে সরব থাকবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 



















