অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের এক রুদ্ধশ্বাস ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ম্যাচের প্রায় পুরোটা সময় ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে এসে জয় হাতছাড়া হয়ে যায় পিটার বাটলারের শিষ্যদের। দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করার পর জয় থেকে বঞ্চিত হয় বাংলার মেয়েরা।
বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্স কৌশলের শুরুটা বেশ ভালোই ছিল। ম্যাচের শুরুতে থাইল্যান্ডের গতিময় আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় তারা। গোলরক্ষক মিলি দুইবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ ঘটেনি। হাই লাইন ডিফেন্সের সুবাদে বাংলাদেশ থাইল্যান্ডকে বেশ কয়েকবার অফসাইডে ফেলে। ম্যাচের ৩১তম মিনিটে প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে এক অনবদ্য গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা।
দ্বিতীয়ার্ধেও খেলার ধারা বজায় রাখে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে সাগরিকা নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যখন বাংলাদেশের সমর্থকেরা জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখনই রক্ষণভাগের ভুলে থাইল্যান্ড ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৬৯তম ও ৭৫তম মিনিটে দুটি পেনাল্টি থেকে গোল করে তারা সমতায় ফেরে। এরপর ৭৯তম মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ, যা ছিল মূলত রক্ষণভাগের ভুলেরই ফল। শেষ পর্যন্ত আর কোনো গোল করে সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
রিপোর্টারের নাম 



















