দেশজুড়ে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৫ দিনে ৪২৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং দুঃখজনকভাবে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে। আগামী রবিবার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, রবিবার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। একইসঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় অন্যান্য টিকাদান কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে দেশের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
মন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে (বুধবার সকাল আটটা পর্যন্ত) হামের মতো উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২৩ জন হামে আক্রান্ত হয়েছে এবং ১০ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, এই তথ্য উপজেলা থেকে জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে তাদের হাতে আসে, তাই তথ্যে কোনো বড় গ্যাপ থাকার সম্ভাবনা নেই।
রিপোর্টারের নাম 



















