বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিশ্বের প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার জেরে ইরান এই প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং হু হু করে বাড়ছে দাম। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য মাইনের হুমকির কারণে এই রুটে জাহাজ চলাচল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট মোকাবিলায় হরমুজ প্রণালি সচল করা অপরিহার্য। উত্তেজনা কমিয়ে এই আন্তর্জাতিক জলপথটি উন্মুক্ত রাখাই এখন বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট নিরসনে কার্যকর কূটনৈতিক পথ খুঁজতেই এই বহুপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















