মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলে যাওয়ার পথে মার্কিন যুদ্ধবিমানকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্স এই বিষয়ে ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন একটি উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে লক্ষ্য করে অভিযান চলছিল।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল যে, এই অস্বীকৃতিটি গত সপ্তাহান্তে দেওয়া হয়েছিল। এটি ইরান সংক্রান্ত চলমান সংঘাতের শুরু থেকে ফ্রান্সের এমন প্রথম পদক্ষেপ।
উল্লেখ্য, এর আগে স্পেনও ইরানের ওপর হামলার সঙ্গে জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এই ঘোষণা দেন। মাদ্রিদে সাংবাদিকদের তিনি জানান, ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো কার্যক্রমে তারা সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবেন না।
এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে অভিযানে যাওয়ার সময় মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেনকে এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লস কুয়েরপো বলেন, এটি সরকারের সেই নীতিরই অংশ, যার মাধ্যমে স্পেন সরকার এমন একটি যুদ্ধে অংশ নিতে বা সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে, যা একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 






















