ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের দামে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এর ফলে বৈশ্বিক ভোক্তা ও ব্যবসায়িক খাতে প্রায় ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে পরিবেশ সংস্থা ৩৫০ ডট অর্গ এক বিশ্লেষণে জানিয়েছে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, শেভরন, শেল এবং এক্সন মবিলের মতো কোম্পানিগুলো এই সংকট থেকে ‘বিলিয়ন ডলারের অতিরিক্ত মুনাফা’ অর্জন করতে পারে। ৩৫০ ডট অর্গের মতে, কোম্পানিগুলোর এই অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করে দাম বৃদ্ধির প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব।
সংস্থাটির এই হিসাবে ‘সারের দাম ও খাদ্যপণ্যসহ অন্যান্য পরোক্ষ প্রভাব’ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত প্রকৃত অর্থনৈতিক ক্ষতি এই হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে।
এ প্রেক্ষিতে, ফিলিপাইনের আইনপ্রণেতারা সম্প্রতি জ্বালানি তেল কোম্পানিগুলোর অতিরিক্ত লাভ সীমিত করতে একটি উইন্ডফল কর প্রস্তাব করেছেন। ভারতের সরকারও পুনরায় জ্বালানি তেলের রপ্তানিতে উইন্ডফল কর চালু করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ‘জ্বালানি স্বনির্ভরতা’ নিশ্চিত করতে ১০০ গিগাওয়াট সৌরশক্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন। এসব তথ্যও উদাহরণ হিসেবে ৩৫০ ডট অর্গ তাদের বিশ্লেষণে যোগ করেছে।
সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি জ্বালানির দামে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রিপোর্টারের নাম 






















