বাংলাদেশে সাফল্যের পর অস্ট্রেলিয়ায় দর্শক মাতিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘দম’। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। এরপর ১৭ এপ্রিল থেকে কানাডার দর্শকও ‘দম’ দেখার সুযোগ পাবেন। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছেন।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, যুক্তরাষ্ট্রের দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর কানাডায় মুক্তি পাবে ‘দম’। বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছেন। এটি হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।”
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমায় বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্প তুলে ধরা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।
এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য গেয়েছেন। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি ‘ইউ’ গ্রেডে সনদ পায়, অর্থাৎ এটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী। নির্মাতা রেদওয়ান রনি এই সিনেমা দিয়ে প্রায় দশ বছর পর বড় পর্দায় ফিরেছেন।
তিনি আশা প্রকাশ করেন, দেশের দর্শকরা যেভাবে অদম্য মানসিক শক্তির এই গল্প গ্রহণ করেছেন, প্রবাসীরাও সিনেমাটি পছন্দ করবেন। তার মতে, গল্পটি এমনভাবে দেখানো হয়েছে, যেন এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে বলে তিনি জানান। এর আগে ২৭ মার্চ অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি পেয়েছিল। ‘দম’-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।
রিপোর্টারের নাম 

























