নেপালে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা নেপালের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার এক দিন পরই এই গ্রেপ্তার অনুষ্ঠিত হলো। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর নেপালে জেন-জি’র ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। এই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
সহিংসতা তদন্তে গঠিত কমিশন জানিয়েছে, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৬ জন নিহত হন। প্রথম দিনের বিক্ষোভে ২০ জনের বেশি তরুণ প্রাণ হারান। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে এই আন্দোলনের সূত্রপাত হলেও, দীর্ঘদিনের অর্থনৈতিক দুরাবস্থা জনমনে অসন্তোষের জন্ম দিয়েছিল।
অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশন সুপারিশ করেছে যে, ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর কোনো আদেশ দেওয়া হয়েছিল কিনা তা প্রমাণিত হয়নি। তবে, গুলি থামাতে বা নিয়ন্ত্রণ করতে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি এবং তাদের অবহেলাজনিত আচরণের কারণে বেশ কিছু শিশুও প্রাণ হারিয়েছে।
রিপোর্টারের নাম 























