চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যৌথ অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ওপর ইরানি সাইবার হামলার মাত্রা অভাবনীয়ভাবে বেড়েছে। ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের প্রধান ইয়োসি কারাদি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত এক বছরে এই হামলার সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের একই সময়ে সাইবার আক্রমণের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে ৪ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে, যা ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
জার্মান সংবাদমাধ্যম ‘ডাই ওয়েল্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে কারাদি উল্লেখ করেন, এই সাইবার হামলাগুলো মূলত ইসরাইলের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা এবং ছোট-মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। বিশেষ করে আইন ও হিসাবরক্ষণ সংক্রান্ত ফার্মগুলো এই হ্যাকিংয়ের শিকার হয়েছে। তিনি সতর্ক করে বলেন যে, প্রচলিত যুদ্ধের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই এবং এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে।
ইসরাইলি কর্মকর্তাদের মতে, কিছু হ্যাকার গ্রুপ অত্যন্ত দক্ষ এবং তারা পদ্ধতিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটা বা তথ্য মুছে দিচ্ছে। যদিও ইসরাইল দাবি করেছে যে তারা তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের ওপর চালানো হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও সাধারণ জনগণের ব্যবহৃত সিস্টেমগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। অন্যদিকে, ইরান বরাবরের মতোই অন্য দেশের ওপর সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
রিপোর্টারের নাম 

























