জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুত বন্ধে পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এসব কর্মকর্তাদের নির্দিষ্ট ১৩টি কাজকে অগ্রাধিকার দিয়ে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ট্যাগ অফিসাররা প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক ও সমাপনী মজুত রেকর্ড করবেন। এছাড়া ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ ও মান যাচাই করা, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পরীক্ষা করা এবং পাম্পের অনুমোদিত লে-আউট অনুযায়ী মজুত ক্ষমতা ঠিক আছে কি না তা তদারকি করবেন তারা। পাম্পের আশেপাশে কোনো অননুমোদিত স্থাপনা বা ট্যাংক আছে কি না তাও খতিয়ে দেখবেন এই কর্মকর্তারা।
এছাড়া প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার স্টকের তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো পাম্পে অনিয়ম পাওয়া গেলে বা তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখলে প্রথমবার সতর্কীকরণ, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার লাইসেন্স স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























