চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, বরং বিদেশের মাটিতেও উচ্চশিক্ষা ও বড় ডিগ্রি অর্জন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও মাদ্রাসার শিক্ষার্থীদের সুযোগ পাওয়া একটি অত্যন্ত ইতিবাচক দিক বলে তিনি উল্লেখ করেন।
রাসুল (সা.)-এর দেখানো পথেই আমাদের চলতে হবে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সবাই শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর উম্মত। তাঁর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উলামায়ে কেরাম ও অলী-আউলিয়ারা দেশের ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ তিনি শনিবার বিকেলে পটিয়ার ছনহরা এলাকায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘পটিয়া অনেক দূর এগিয়েছে। ইদ্রিস মিয়া যেভাবে পটিয়ার জন্য কাজ করেছেন, তাঁর অবর্তমানে পরবর্তী প্রজন্ম সেই দায়িত্ব গ্রহণ করবে।’
সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া জানান, ‘চিকন খলিফা মাদ্রাসা শিগগিরই দাখিল থেকে আলিমে উন্নীত হওয়ার অনুমতি পাবে। এই মাদ্রাসা সবসময় ভালো ফলাফল করে শীর্ষ অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করেছি ইসলামের খেদমতে মাদ্রাসা থেকে কৃতি শিক্ষার্থী গড়ে তুলতে। অনেক শিক্ষার্থী দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।’
রিপোর্টারের নাম 

























