চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একটি গরু-ছাগলের খামারসহ পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় অন্তত ১১টি গরু ও ১৩টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে, যার ফলে খামারের মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মীর ব্রিক ফিল্ডের পাশে আস্তানা মাজার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে এবং খামারসহ পাশের দোকানগুলো গ্রাস করে নেয়। আগুনের তীব্রতার কারণে খামারের ভেতরের গবাদিপশুগুলোকে বের করে আনার কোনো সুযোগ পাননি মালিকরা। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালামালও সম্পূর্ণ পুড়ে গেছে। সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। স্থানীয়রা দ্রুত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























