মালয়েশিয়ায় তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে সিনেমাটির কয়েকদিনের শুটিং সম্পন্ন হয়েছে। আজ শাকিব খানের জন্মদিন উপলক্ষে পরিচালক আজমান রুশো প্রকাশ করেছেন ‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক।
অফিশিয়াল লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, এটি শাকিব খানের প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার। এই ধরনের চরিত্রে তিনি এবারই প্রথম অভিনয় করছেন এবং এর জন্য শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন বলে জানা গেছে। ‘রকস্টার’-এর গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
‘রকস্টার’র চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’-এর মতো দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। ‘মনপুরা’, ‘হাওয়া’র মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এই সিনেমাটি প্রযোজনা করেছে।
‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন। তবে শোনা যাচ্ছে, মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।
এদিকে, গত কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে তার ভক্তরা ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে অনেকের দাবি, ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে।
‘প্রিন্স’ সিনেমার ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও অনেক শাকিবিয়ান ও দর্শক আক্ষেপ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা গেছে দুই নায়িকাকে—তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী।
রিপোর্টারের নাম 

























