জামালপুরে পেট্রল মজুদ করে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এই তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এই অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহরের পিটিআই এলাকায় জুঁই এন্টারপ্রাইজ নামক তেলের দোকানের সামনে গত বৃহস্পতিবার সকাল থেকেই মোটরসাইকেল চালকরা পেট্রল নিতে ভিড় জমাচ্ছিলেন। কিন্তু তেল মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে বিক্রি করছিল না, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে জুঁই এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভেতরে ১২টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার পেট্রল মজুদ অবস্থায় পাওয়া যায়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় অপেক্ষমাণ গ্রাহকদের মাঝে জব্দকৃত পেট্রল বিতরণ করা হয়, যা উপস্থিত জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।
রিপোর্টারের নাম 

























