আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিজেদের তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৭টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে সংগঠনটির উপজেলা শাখা। একাধিক সাংগঠনিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘোষিত তালিকায় রয়েছেন— পাথরডুবি ইউনিয়নে আব্দুল বারেক বিএসসি, শিলখুড়ি ইউনিয়নে প্রভাষক গোলাম মুর্তজা, পাইকেরছড়া ইউনিয়নে মাওলানা মুফতি আবুল কালাম আজাদ এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ফেরদৌস হোসেন। এছাড়া আন্ধারিঝাড় ইউনিয়নে মাওলানা ইউসুফ আলী, বলদিয়া ইউনিয়নে আশরাফুল আলম বিএসসি এবং সোনাহাট ইউনিয়নে ব্যবসায়ী আবু হেনা মাসুমকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন জানান, এই প্রার্থী ঘোষণা কোনো আকস্মিক বিষয় নয়। এটি দলের দীর্ঘদিনের সুশৃঙ্খল সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। কয়েক মাস ধরে যাচাই-বাছাই শেষে তৃণমূলের মতামতের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি ইউনিয়নে দলের রোকন ও কর্মীদের গোপন ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। এই প্রক্রিয়ার ফলে দলের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মতভেদের সুযোগ নেই এবং এর মাধ্যমে দলীয় ঐক্য আরও সুসংহত হয়েছে বলে তিনি দাবি করেন।
রিপোর্টারের নাম 

























