জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর বেঁচে নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মরহুমের মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে নিয়ে আসা হবে। রোববার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি তার স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিপোর্টারের নাম 
























