বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাষ্ট্র ও সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সকল মানুষের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব, যাতে কেউ পিছিয়ে না পড়ে। তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে বিত্তবানদেরও সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিভিন্ন ভাতা প্রচলন করে এই ধারা শুরু করেছিলেন।
শুক্রবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং জুন মাসে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, জ্বালানি তেল নিয়ে অনেকের মনে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। যদিও বিশ্ববাজারে ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, বাংলাদেশ সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে ইরান পাঁচটি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী সকলকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার অনুরোধ জানান।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান টুকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
রিপোর্টারের নাম 
























