ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিচ্ছে।
গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে দেখানো হয়েছিল। বিচার বিভাগীয় তত্ত্বাবধানে এই প্রক্রিয়া এখনও চলছে। এরই মধ্যে গত সোমবার নির্বাচন কমিশন একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে এবং শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের কথা রয়েছে।
তবে, তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিভিন্ন সংগঠনও রাস্তায় নেমেছে।
শুক্রবার কলকাতার ধর্মতলা এলাকায় এসআইআর (ইলেকটোরাল রোলস) এর প্রতিবাদে শহর ও রাজ্যের বিভিন্ন গণ-সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলি একটি যৌথ সভা আয়োজন করে।
ওই সভায় উপস্থিত এক কলেজের বাংলা অধ্যাপিকা আফরোজা খাতুন জানান, তার নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। তিনি বলেন, “আমার ছেলে-মেয়েরা নাগরিক, কিন্তু আমি এখনও নাগরিক নই। আমাকে ‘বিবেচনাধীন’ রাখা হয়েছে। যদি আমার নাম তালিকায় না ওঠে, তবে আমি শুধু ভোট দিতে পারব না, বরং আমাকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।”
মানবাধিকার কর্মী রঞ্জিত শূর মনে করেন, এসআইআর প্রক্রিয়ায় যে ভোটারদের নাম বাদ পড়েছে, ভবিষ্যতে তাদের নাগরিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, “এতদিন ধরে এই সংশোধনের কাজ চলছে, অথচ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।”
রিপোর্টারের নাম 
























