মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন মন্তব্য করেছেন যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে পারমাণবিক আলোচনার আগের ভিত্তি এখন আর প্রাসঙ্গিক নেই। তিনি মনে করেন, এই ঘটনা ‘খেলার নিয়ম’ বদলে দিয়েছে এবং আলোচনার পথকে আরও কঠিন করে তুলেছে।
হ্যারিসন আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মূল ভিত্তি ছিল পারস্পরিক স্বার্থ। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে চাইত, আর ইরান চাইত নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সুবিধা। কিন্তু চলমান সংঘাত এই ভারসাম্য নষ্ট করেছে। তিনি বলেন, ‘এখন তারা হামলার শিকার হয়েছে, ফলে খেলার নিয়ম বদলে গেছে। জেনেভায় আগের আলোচনার ভিত্তিতে আবার চুক্তিতে পৌঁছানো এখন আর যুক্তিযুক্ত নয়।’
তিনি আরও ব্যাখ্যা করেন যে, এই সংঘাতের ফলে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে এবং তারা নতুন বাস্তবতার আলোকে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালেই ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলা শুরু হয়, যা বর্তমান সংঘাতের সূচনা করে। টার্গেট করে হত্যাকাণ্ড চালানোর কৌশল সম্পর্কে হ্যারিসন বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড বরং ইরানের অবস্থানকে আরও কঠোর করে তোলে—এটা আমরা আগেও দেখেছি।’
রিপোর্টারের নাম 
























