‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ এবং ‘বিশ্ব নাট্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে আগামী ২৭শে মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি বিশেষ মঞ্চায়ন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে দর্শকসহ স্বপ্নদলের প্রতিবাদস্বরূপ।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে তৈরি এই যুদ্ধবিরোধী ও শান্তি প্রত্যাশী গবেষণাগার নাটক ‘ত্রিংশ শতাব্দী’ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। অনুষ্ঠানের শেষ পর্বে, এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি, মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ক-কে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু অতিথি হিসেবে এই সম্মাননা তুলে দেবেন।
যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মূল কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, ভারত-পাকিস্তান, ইরাক আগ্রাসন, কুয়েত, তিউনিশিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমার, গুলশানের হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকা-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের নেতিবাচক দিকগুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও এতে স্থান পেয়েছে।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ, যুদ্ধাপরাধী এবং অশান্তিকামী শক্তির স্বরূপ এবং তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটন করেছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ, গণহত্যা ও অনাচারের বিপরীতে মানুষ হিসেবে আমাদের বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শকদের সিদ্ধান্তগ্রহণের মুখোমুখি স্থাপনই এই প্রযোজনার মূল লক্ষ্য। প্রযোজনাটিতে হাজার বছরের নাট্য ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’ প্রয়োগ করা হয়েছে। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার প্রমুখ।
রিপোর্টারের নাম 

























