সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে সচেতন করে এবং তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের পাশাপাশি খেলাধুলার যথাযথ সুযোগ নিশ্চিত করতে হবে।
সোমবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা যদি খেলাধুলায় মগ্ন থাকে, তবে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড তাদের স্পর্শ করতে পারবে না। সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চা ও বিনোদন অপরিহার্য। এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় এবং শিক্ষার হার বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
জনসেবাকেই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে সুন্দর করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
রিপোর্টারের নাম 






















