ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু বকর সিদ্দিক (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। জমি বিক্রির টাকা নিয়ে সন্তানদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জমি বিক্রির টাকা এক ছেলের কাছে জমা রাখাকে কেন্দ্র করে অন্য সন্তানদের সঙ্গে বৃদ্ধের বিবাদ চলছিল। ঘটনার রাতে সন্তানদের অশালীন আচরণ ও ঝগড়ার জেরে পরিবারে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। স্বজনদের ধারণা, সন্তানদের এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে নিহতের এক ছেলের দাবি, শারীরিক আঘাতের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























