ইরানের ওপর সাম্প্রতিক সামরিক হামলায় যুক্তরাজ্যের কোনো ধরনের অংশগ্রহণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তিনি স্বীকার করেছেন যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু ব্রিটিশ সামরিক ঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করছে, যা নিছক আত্মরক্ষামূলক এবং অত্যন্ত সীমিত পরিসরে অনুমোদিত। স্টারমার জোর দিয়ে বলেন, ইরান বিরোধী কোনো সামরিক অভিযানে ব্রিটেন অংশ নেয়নি এবং ভবিষ্যতে এমন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও তাদের নেই।
অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইরাক যুদ্ধের সময় করা ভুলগুলো থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং বর্তমান পররাষ্ট্রনীতি সেই অভিজ্ঞতার আলোকেই নির্ধারিত হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, তার সরকার কোনো নতুন সংঘাতে জড়াতে চায় না। বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ব্রিটিশ যুদ্ধবিমানগুলো মূলত প্রতিরক্ষামূলক কাজে নিয়োজিত এবং এগুলো ইতোমধ্যেই বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
অঞ্চলটিতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্টারমার জানান, পুরো মধ্যপ্রাচ্যে বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ইরানের ক্রমবর্ধমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন। সামরিক শক্তির চেয়ে আলোচনার মাধ্যমেই এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
রিপোর্টারের নাম 























