কক্সবাজারের চকরিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে রূপন কান্তি দে নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় হারবাং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে মোফাজ্জল হোসেন নামে অপর এক উপপরিদর্শক (এসআই) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ কর্মী ও একাধিক মামলার আসামি জুনাইদকে ধরতে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে যায়। আসামিকে জাপটে ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এএসআই রূপন। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যান অভিযুক্ত জুনাইদ। তাৎক্ষণিকভাবে রূপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























