নিজেদের জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহারের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে ইরান। এই অঞ্চলে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাকের এরবিলসহ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্র বাহিনীর বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে।
হামলার তালিকায় ইসরায়েলের তেল আবিব, হাইফা ও আশকেলনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নামও উল্লেখ করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বা মনস্তাত্ত্বিক কৌশল ইরানকে তাদের অবস্থান থেকে সরাতে পারবে না। তাদের মতে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য হবে।
রিপোর্টারের নাম 
























