যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার যে দাবি করেছেন, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছিলেন যে, আলোচনার প্রেক্ষিতে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি।
আরাগচি বলেন, ডোনাল্ড ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানোর কৌশল হিসেবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিনি মনে করেন, ট্রাম্প তার সুবিধাজনক সময়ে সামরিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন যে, আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমাতে কাজ করলেও মূল সমস্যা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র নিজেই।
এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন। তা না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। তবে আল্টিমেটাম শেষে ট্রাম্প আলোচনার দাবি করে পিছু হটলেও ইরান একে মার্কিন প্রেসিডেন্টের কৌশলগত পরাজয় হিসেবে দেখছে।
রিপোর্টারের নাম 
























