কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ২২টি দেশ একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে। জলপথটিতে ইরানের অবরোধের নিন্দা জানিয়ে এই দেশগুলো এই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তবে এই জোটের বেশিরভাগ সদস্যই ইউরোপীয় দেশ।
শনিবার (২১ মার্চ) ২২টি দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। যেসব দেশ এরই মধ্যে এই পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
বিবৃতিতে দেশগুলো উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে আক্রমণের কঠোর নিন্দা জানায়। তারা অভিযোগ করে যে, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিতে ইরানের সাম্প্রতিক অবরোধ বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 























