বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ প্রথমবারের মতো আকাশযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের আকাশসীমায় একটি অভিযান চালানোর সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোন নির্দিষ্ট ঘাঁটিতে এটি অবতরণ করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনা প্রমাণ করে যে, রাডার ফাঁকি দিতে সক্ষম ‘স্টেলথ’ প্রযুক্তির যুদ্ধবিমানও অত্যাধুনিক সেন্সর সিস্টেমের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।
ঘটনাটির পর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানে অভিযান শেষে বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘আমরা এই খবর সম্পর্কে অবগত। আমাদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরান মিশন শেষে আঞ্চলিক একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে।’
যদিও ঘটনার সঠিক তথ্য ও সময় এখনো সম্পূর্ণরূপে যাচাই করা সম্ভব হয়নি, তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ইরানি বাহিনীর হাতে এটিই প্রথম কোনো মার্কিন ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 























