রংপুরের গঙ্গাচড়া উপজেলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে, ঘটনার পর সাংবাদিকের বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মো. রিয়াদুন্নবী রিয়াদ, যিনি দৈনিক আমার দেশ পত্রিকার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তার দায়ের করা এজাহার অনুযায়ী, গত ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। এতে তার বাবা ইলিয়াছ আলী, মা মোসলেমা বেগম (৪৭) এবং ফুফু কোকিলা বেগম (৪৫) আহত হন। গুরুতর আহত কোকিলা বেগমকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক রিয়াদুন্নবীর অভিযোগ, তিস্তা নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে গত জানুয়ারিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি প্রভাবশালী বালু ব্যবসায়ী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলায় তাজু মিয়া, রাজু মিয়া, আজিবর রহমান, রিপন মিয়া ও আলেফ উদ্দিনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অভিযুক্তরা বালু ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ঘটনার দুই দিন পর ২০ মার্চ তাজমিনা বেগম নামে এক নারী একটি পৃথক মামলা দায়ের করেন। তার অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলে আহত হন এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এই মামলায় সাংবাদিক রিয়াদুন্নবীসহ নয়জনকে আসামি করা হয়েছে।
তবে, এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রিয়াদুন্নবী বলেছেন, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার কারণে তাকে হয়রানি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, সত্য প্রকাশ করার কারণে সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং পরবর্তীতে তাকে ফাঁসানোর জন্য উল্টো মামলা দেওয়া হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারাও ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























